শ্রীমঙ্গলে থানার কাছেই দুঃসাহসিক ছিনতাই: আতঙ্ক ও উৎকণ্ঠায় এলাকাবাসী
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৫-১৩ ২৩:১৩
ভারপ্রাপ্ত সম্পাদক: মশিউর রহমান
প্রকাশক: তাসমিন তামান্না
ইমেইল: ppr2027@gmail.com
অফিস: ইউরোপা টাওয়ার, রামপুরা, ঢাকা-১২১৯
© ২০২৬ | মাছরাঙানিউজ২৪ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মাস্টারপাড়া এলাকায় প্রকাশ্য দিবালোকে এক মহিলার গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকাল প্রায় ৮টার দিকে এ দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। মাস্টারপাড়া এলাকার ভেতরের একটি পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার পথরোধ করে। মুহূর্তের মধ্যে ছিনতাইকারীরা ওই মহিলার গলায় দা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং তার সাথে থাকা সোনার চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনাস্থলটি শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পরিচিত। স্থানীয়দের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ ছড়িয়েছে ঘটনার স্থান নিয়ে। বাসিন্দারা জানান:ঘটনাস্থলটি শ্রীমঙ্গল থানার পেছনের বাউন্ডারি ওয়াল থেকে মাত্র কয়েক গজ দূরে।
থানার এত কাছে এবং সকালবেলায় জনচলাচলের মধ্যে এমন ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, "সকালবেলা সাধারণত লোকজনের চলাচল থাকে, তবুও দুর্বৃত্তরা এতটুকু ভয় পায়নি। প্রকাশ্যে দা উঁচিয়ে ছিনতাই করে তারা নির্বিঘ্নে পালিয়ে গেল।"
এ ঘটনায় পুরো মাস্টারপাড়া এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা অনতিবিলম্বে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
যদি কেউ এই দুর্বৃত্তদের চিনে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ এবং টহল জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।